অবশেষে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মামলা নিল পুলিশ

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:৩২

বরিশাল অফিস

বরিশালে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগের দুই দিন পর মামলা নিয়েছে পুলিশ। বুধবার গভীর রাতে মামলাটি নিয়েছে বলে জানান এয়ারপোর্ট থানা পুলিশের ওসি কমলেশ চন্দ্র হালদার। এর আগে সোমবার রাতে এয়ারপোর্ট থানায় মামলার আবেদন করেন এক তরুণী। আবেদনে তরুণী জানান, ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর বাসায় ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে জসীম তাকে ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জসীম তাকে গর্ভপাতের ওষুধ খাওয়াতে থাকেন। এক পর্যায়ে বরিশাল জেনারেল হাসপাতালে নিয়ে গর্ভপাত করান। ঐ তরুণী আরো জানান, জসীম বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেন। তিনি বিয়ের চাপ দিলে চলতি বছরের ৫ মার্চ জসীম তাকে দুই দিনের মধ্যে বিয়ের কথা জানান। কিন্তু সময় পেরিয়ে গেলেও বিয়ে করেন না। এক সময় জানান, তিনি বিবাহিত এবং ঐ তরুণীকে তার বিয়ে করা সম্ভব নয়। এরপর তিনি মামলার সিদ্ধান্ত নেন।