টঙ্গিবাড়ীতে চার মণ জাটকাসহ আটক ৭

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:৩৬

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

ইদানিং স্থানীয় বাজারগুলোতে বেড়েছে আইন অমান্য করে অবৈধভাবে ধরা জাটকা পরিবহন ও তা বিক্রির প্রবণতা। এর রাশ টেনে ধরার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল টঙ্গিবাড়ীতে জাটকাসহ সাত জনকে আটক করে জরিমানা করা হয়েছে। গতকাল উপজেলার দীঘিরপাড় বাজারে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন। এ সময় তিনি সাত মাছ বিক্রেতাকে চার মণ জাটকাসহ আটক করে ১৪ হাজার টাকা অর্থদণ্ড দেন। পরে জব্দ করা জাটকাগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এ অভিযানে সহযোগিতা করেন—উপজেলা মত্স্য কর্মকর্তা নিগার সুলতানা ও টঙ্গিবাড়ী থানা পুলিশ।