সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ৩০০ গজ দূরে সিংগাইর উপজেলার ধল্লা ফোর্ডনগরে যানবাহন থামিয়ে তিন ঘণ্টাব্যাপী গণডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি মিনি ট্রাক গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা বিমানবন্দর থেকে উদ্ধার করেছেন সিংগাইর থানার পুলিশ।
এদিকে গত সোমবার রাতে ফোর্ডনগরে এ ঘটনার রেশ না কাটতেই বুধবার রাত ১১টার দিকে উপজেলার বায়রা নয়াবাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম অবস্থায় ঐ বাড়ির গৃহকর্তা ও গৃহকর্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। গৃহকর্তা মুকসেদ আলীর প্রতিবন্ধী মেয়ে সুমা আক্তার জানান, সাত-আট জন ডাকাত বাড়িতে প্রবেশ করে। এরপর তারা তার বাবা মুকসেদ আলী এবং মা আলেয়া বেগমকে বেঁধে মারধর ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়। ডাকাতরা তাকেও বেঁধে রাখে তবে প্রতিবন্ধী বলে মারধর থেকে বিরত থাকে। দুর্বৃত্তরা আধা ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে পাঁচ হাজার টাকা, প্রয়োজনীয় কাগজপত্র ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুটে নেয় বলে গৃহকর্তা মুকসেদ আলী জানান। গ্রামবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ঐ রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, এ ব্যাপারে মামলা নেওয়া হয়েছে এবং বাদশা মিয়া নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বাদশা গৃহকর্তা মুকসেদ আলীর ভাগিনা। মামা মুকসেদ আলীর কোনো ছেলে সন্তান নেই। তাই মামাকে হত্যা করতে পারলেই বাদশা ও তার চাচাতো ভাইয়েরা এই জমির মালিক হতে পারবে। জায়গা-জমি নিয়ে ওদের সঙ্গে মামলা রয়েছে বলেই ওরা কাগজপত্র নেওয়ার জন্য এ কাজ করেছে।
