ভুয়া পুলিশ অফিসার গ্রেফতার

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:৩৭

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

কালিয়াকৈরে মো. শাহীন আলম নামে এক ভুয়া পলিশ অফিসারকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গজারিয়া কাঞ্চনপুর এলাকার মা সিএন্ডজি স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ঐদিন সকালে শাহীন আলম নামে এক ব্যক্তি ভুয়া পুলিশ অফিসার পরিচয়ে উপজেলার গজারিয়া কাঞ্চনপুর এলাকায় একটি মারামারি মামলার তদন্তের কথা বলে আসামি সিদ্দিকের কাছে ৫ হাজার টাকা দাবি করে। খবর পেয়ে উপজেলার সূত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় চেয়ারম্যানের সন্দেহ হলে তাকে কৌশলে আটক করে পুলিশে খবর  দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। গ্রেফতারকৃত শাহীন আলম পুলিশকে জানান, সে ভুয়া পুলিশ অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নিতে চেয়েছিল।

সূত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সোলাইমান জানান, এ ঘটনার আগেও সে ঐ একই মামলার আসামি সিদ্দিককে গ্রেফতারের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেয়। কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।