নওগাঁর মান্দায় কৃষি প্রণোদনার ১২৫ বস্তা সার ও বীজ কালোবাজারে বিক্রির সময় তেঁতুলিয়া ইউপি সদস্য আতাউর রহমানকে (৪৮) আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হকের বাড়ির মধ্য থেকে সার ও বীজ জব্দ এবং সদস্য আতাউর রহমানকে আটক করা হয়। আতাউর রহমান উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও শংকরপুর গ্রামের মৃত আসকান আলী মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে কৃষি প্রণোদনার সার ও বীজ দুটি ভ্যানে করে মেম্বার আতাউর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হকের বাসায় নিয়ে যান। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাত্ক্ষণিকভাবে তা উপজেলা চেয়ারম্যান, ইউএনও, এসিল্যান্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। সংবাদ পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মাহমুদুল হকের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৮ বস্তা ডিএপি, ২১ বস্তা এমওপি (পটাশ) ও ৬৬ বস্তা ধানের বীজ উদ্ধার করে।
এ সময় ঘটনাস্থলে উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ইউএনও আব্দুল হালিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হক, মহিলাবিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আটক ইউপি সদস্য আতাউর রহমান বলেন, ‘ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তারের পরামর্শে প্রণোদনার তালিকাভুক্ত কৃষকের কার্ডগুলো সংগ্রহ করেছি এবং কার্ডগুলো দিয়ে কৃষি দপ্তর থেকে সার ও বীজ উত্তোলন করি। পরে উত্তোলনকৃত সার-বীজ দুটি ভ্যানে করে বিক্রির জন্য মাহমুদুলের বাসায় নিয়ে যাই।’
মান্দা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কৃষকদের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণের দিন ধার্য ছিল। উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
