সিংগাইরে হেফাজতের বক্তব্য ফেসবুকে শেয়ার করায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০০:১৮

হেফাজতে ইসলামের সরকারবিরোধী বক্তব্য নিজের ফেসবুকে শেয়ার করে গ্রেফতার হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের নেতা অলি আহমেদ মোল্লা (৫০)। সিংগাইর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. টিপু সুলতান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই উপজেলার জয়মণ্ডপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলি আহমেদকে বুধবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে হেফাজতে ইসলামের সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য অলি আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক পেজে শেয়ার করে আসছেন। সবশেষ বুধবার হেফাজতে ইসলামের সরকারবিরোধী একটি অপপ্রচার তিনি তার ফেসবুকে শেয়ার করেন। এর আগে একাধিকবার তাকে নিষেধ করা হলেও তিনি তা আমলে নেননি। এ ঘটনায় রাতেই অলি আহমেদের বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা দায়ের করেন টিপু সুলতান।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, বুধবার রাতেই অলি আহমেদকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।