বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে যাত্রীদের উপচে পড়া ভিড়

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০০:১৯

বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভিড়, কেউ মানছে না স্বাস্থ্যবিধি, করোনা প্রতিরোধে কঠোর লকডাউনের ঘোষণা করা হলেও মাঠ পর্যায়ে ছিল ভিন্ন চিত্র। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই শিমুলিয়া ছেড়ে আসা প্রতিটা ফেরিতেই যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল।

বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে লকডাউনে কারণে ফেরি চলাচল সীমিত করা হয়েছে। জরুরি সেবায় চালু রাখা হয়েছে পাঁচটি ফেরি। আর এই ফেরিগুলোতে যানবাহনের চেয়ে যাত্রী পারাপার হচ্ছে বেশি। বিশেষ প্রয়োজনে বাড়ি ফেরা এই মানুষগুলো অতিরিক্ত টাকা খরচ করে ঢাকা থেকে বাংলাবাজর ঘাট পর্যন্ত আসতে পারলেও গণপরিবহন বন্ধ থাকায় ঘাটে এসে পড়ছে চরম ভোগান্তিতে। বাড়ি পৌঁছাতে দূরপাল্লার যাত্রীদের ভরসা এখন শুধুই থ্রি-হুইলার বা অটোগাড়ি।

তবে এসব ছোট গাড়িচালকদের দাবি ভিন্ন, অনেকটা নিরুপায় হয়েই তারা সরকারের নিষেজ্ঞা অমান্য করে সড়কে বের হয়েছেন। সড়কে বের হলে একদিকে পুলিশে তাদেরকে ধাওয়া করে। অন্যদিকে বাসায় গেলে ক্ষুধার্ত আপনজনের মুখগুলো দেখতে হয়। তবে যথাযথ সাহায্য পেলে জীবনেরর ঝুঁকি নিয়ে ঘর থেকে বের হতেন না তারা।’