করোনায় আক্রান্তের ১৫ দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিত্সক দলের সদস্যরা। তারা জানান, বাহ্যিকভাবে ওনার করোনা উপসর্গ নেই। তবে শারীরিকভাবে একটু দুর্বল। আজ-কালের মধ্যে তার ব্লাড টেস্ট করা হবে। পরে আগামী সপ্তাহে সুবিধাজনক সময়ে করোনার টেস্টও করা হবে। চিকিত্সক দলের সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমরা নিয়মিত বেগম জিয়াকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আক্রান্তের ১৪তম দিনেও তিনি অনেকটা ভালো আছেন।’
অক্সিজেন স্যাচুরেশন আগে যেমন ছিল, অর্থাত্ ৯৮-৯৯ পার্সেন্ট সব সময় থাকে। খাবারের রুচি আগেও ভালো ছিল, এখনো ভালো আছে। টেম্পারেচার গত চার দিন যাবত্ নরমাল। চেস্টে কোনো ধরনের সমস্যা নেই। কফ-কাশিও নেই। অর্থাত্ করোনা-সংক্রান্ত যেসব উপসর্গ, সেটি নেই। তবে অল্প শারীরিক দুর্বলতা আছে। যেটা উনি কাটিয়ে উঠছেন। তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক দুর্বলতা দীর্ঘ সময় থাকে। তার পরও ম্যাডামের সেই দুর্বলতা প্রতিদিনই কমে যাচ্ছে। এ অবস্থায় আমরা চিকিত্সক হিসেবে বলতে পারি, উনি ভালোর দিকে যাচ্ছেন।’ উনি ঝুঁকিমুক্ত কি না, জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ‘সার্বিকভাবে বিবেচনা করলে উনি উন্নতি করেছেন এ কথা বলা যায়।’
