মুভমেন্ট পাশ নিয়ে প্রাইভেটকারে হেরোইন পাচার!

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০০:২৩

মোহাম্মদপুর থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২-এর সদস্যরা। মাস্ক ও স্যানিটাইজার পরিবহনের জন্য মুভমেন্ট পাশ নিয়ে তিনি হেরোইন পাচার করছিলেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, র্যাব-২ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, মাদক ব্যবসায়ীদের একটি চক্র সীমান্ত এলাকা থেকে একটি বড় চালান নিয়ে মোহাম্মদপুরের এক মাদক ব্যবসায়ীর কাছে আসছে। এমন তথ্যের ভিত্তিতে তাদের একটি দল গতকাল ভোররাতে মোহাম্মদপুরের টাউন হল মার্কেটের সামনের সড়কে চেকপোস্ট বসায়। এ সময় কয়েকটি গাড়ি তারা তল্লাশি করেন। এর মধ্যে একটি প্রাইভেটকার থেকে সৌমিক আহম্মেদ সিদ্দিকী  নামে এক জনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩২০ গ্রাম হেরোইন । এ সময়  মাদক পরিবহনে ব্যবহূত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

র্যাবের এ কর্মকর্তা আরো জানান, বর্তমানে করোনা পরিস্থিতিতে মাস্ক ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা থাকায় এগুলো সরবরাহের জন্য মুভমেন্ট পাশ নিয়েছিল সৌমিক। পাশ নিয়ে সে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক বহন করে এনে তা রাজধানীর মাদক কারবারিদের কাছে হস্তান্তর করেন। আসামির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।