ইন্দোনেশিয়ার নৌবাহিনীর একটি সাবমেরিন ৫৩ আরোহীসহ নিখোঁজ হয়েছে। বালি দ্বীপের উত্তরে মহড়ার সময় এটি নিখোঁজ হয়। সাবমেরিন থেকে আরোহীদের জীবিত উদ্ধারে মাত্র ৭২ ঘণ্টা সময় পাওয়া যাবে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। কেননা এরপর সাবমেরিনটি অক্সিজেনশূন্য হয়ে পড়বে। ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জানান, ৪৪ বছরের পুরোনো কেআরআই নাংগালা-৪০২ নামের এই সাবমেরিনের খোঁজে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। বিমান থেকে চালানো অনুসন্ধানে সাবমেরিনটি পানিতে ডুব দেওয়ার জায়গার কাছে তেল ছড়িয়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাবমেরিনটি খুঁজে বের করতে তল্লাশির জন্য ইন্দোনেশিয়ার সাহায্যের অনুরোধে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারত সাড়া দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়। ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিন আছে। দেশটির নৌবাহিনীর এক মুখপাত্রকে উদ্ধৃত করে বিবিসি জানায়, ইন্দোনেশিয়ায় সাবমেরিন নিখোঁজ হওয়ার ঘটনা এটিই প্রথম। -বিবিসি ও রয়টার্স
