ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষ বিপাকে

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২১:৪৪

ভ্রাম্যমাণ প্রতিনিধি

টানা লকডাউনে বিপাকে পড়েছেন ঝিনাইদহের নিম্ন আয়ের মানুষ। তারা কাজ পাচ্ছেন না। আবার এখন পর্যন্ত কোনো সরকারি সাহায্যও পাননি।  নির্মাণ শ্রমিক, মাটি কাটা শ্রমিক, রিকশা, ভ্যান শ্রমিক ও বাস মিনিবাস মাইক্রো চালক-হেলপাররা বেকার হয়ে পড়েছেন। ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে প্রতিদিন সকালে নির্মাণ ও মাটি কাটা শ্রমিকরা এসে ভিড় করছেন। কিন্তু কাজ জুটছে না। দুপুর পর্যন্ত অপেক্ষা করে বাড়ি ফিরে যাচ্ছেন। কৃষ্ণপুর গ্রামের শ্রমিক হাসান আলি জানান, লকডাউন শুরুর পর তাদের কাজ জুটছে না। এক দিন কাজ জুটলে দুই দিন বসে থাকতে হচ্ছে।

চুটলিয়া গ্রামের শ্রমিক আনোয়ার হোসেন বলেন, সাত দিন চলমান লকডাউনের মধ্যে মাত্র এক দিন কাজ জুটেছে। প্রতিদিন কাজের জন্য ঝিনাইদহ শহরে আসেন। দুপুর পর্যন্ত অপেক্ষা করে বাড়ি ফিরে যান। এ পর্যন্ত কোনো ত্রাণও পাননি বলে তিনি জানান। এদিকে ভ্যান রিকশা শ্রমিকরা রাস্তায় নামতে পারছেন না। লুকিয়ে বের হলেও যাত্রী খুব কম। এতে পেট চলছে না। শৈলকুপার ভ্যান শ্রমিক আজিবর রহমান জানান, আগে সারা দিন ভ্যান চালিয়ে ৪০০-৫০০ টাকা পর্যন্ত আয় হতো। এখন লুকিয়ে লুকিয়ে চালিয়ে এক থেকে দেড় শ টাকা হচ্ছে। তাতে সংসার চলছে না। তবে বোরো ধান কাটা শুরুর পর কৃষি শ্রমিকদের তেমন সমস্যা হচ্ছে না।

তিনি আরো বলেন, গত বছর করোনা শুরুর পর সরকারি ত্রাণের পাশাপাশি ব্যক্তি উদ্যোগ ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষকে চাল, ডাল, আলু, তেল, লবণসহ বিভিন্ন সাহায্য দেওয়া হতো। এ বছর তা দেওয়া হচ্ছে না। জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, কয়েক দিনের মধ্যেই হাজারখানেক নিম্ন আয়ের মানুষকে সাহায্যের ব্যবস্থা করবেন।