ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় গ্রেফতার আরো ১০

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২১:৫১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় নতুন করে আরো ১০ জন হেফাজতকর্মী ও সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসব ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৩৪৬ জন গ্রেফতার হয়েছে। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হওয়া দশ জনকেও একইভাবে শনাক্ত করা হয়েছে। তারা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। শুক্রবার তাদের আদালতে নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬, ২৭ ও ২৮ মার্চে হেফাজতের তাণ্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুটিসহ মোট ৫৪টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার লোককে আসামি করা হয়েছে।