সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২১:৫২

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

রাউজানে সিএনজিচালিত অটোরিকশা উলটে মো. নুরুল আলম চৌধুরী নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে শফিকুল ইসলাম চৌধুরী বেবী সড়কের রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. নুরুল আলম চৌধুরী রাউজানের কদলপুর ইউনিয়নের মৃত নুরচ্ছফা চৌধুরীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সির ঘাটামুখী দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এ সময় স্থানীয়রা আহত যাত্রীদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক নুরুল আলমকে মৃত ঘোষণা করেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, যাত্রীবাহী সিএনজি উলটে একজন নিহত  ও কয়েক জন আহত হয়েছেন। 

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা জানান, ভেদরগঞ্জে বৃহস্পতিবার বিকালে সড়ক দুর্ঘটনায় পথচারী এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। উপজেলার সরকারি এম এ রেজা ডিগ্রি কলেজের ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ লোকটির পরিচয় জানা যায়নি।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রশিদুল বারী জানান, পথচারী লোকটি ভেদরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় ট্রলির ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিত্সা দেন। পরে শরীয়তপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত ১০টার সময় তিনি মারা যান। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।