ভোলায় ইলিশ শিকারের দায়ে ১৭ জেলেকে জরিমানা

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২১:৫২

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

ভোলায় ইলিশ শিকারের দায়ে ১৭ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে শুক্রবার সকালে নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মেঘনা নদী থেকে ইলিশ শিকারের সময় ২০ জেলেকে আটক করে মত্স্য বিভাগ ও পুলিশ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২০ কেজি ইলিশ, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ছয়টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। ভোলা সদর উপজেলার মত্স্য কর্মকর্তা মো. জামাল হোসাইন তথ্য নিশ্চিত করে জানান, আটক ২০ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ১৭ জেলেকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। বাকি তিন জেলের বয়স কম হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এছাড়া জব্দ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।