ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ছুরিকাঘাতে কাশেম মিয়া (৫০) নামের এক কৃষক খুন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল ঐ এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আবুল কাশেমের সঙ্গে চাচা ছিদ্দিক মিয়ার বিরোধ চলে আসছিল। তাদের বাড়িও পাশাপাশি। বৃহস্পতিবার কাশেমের ছোট বোন টুনি তেলিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শুকানোর জন্য খড় বিছাতে গেলে চাচা ছিদ্দিক মিয়ার ছেলে আনোয়ার ও মনিরের বাগিবতণ্ডা হয়। এরই জেরে সন্ধ্যায় তাদের লোকজন নিয়ে কাশেমের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে আবুল কাশেম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা কাশেমকে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে আনোয়ার হোসেন পলাতক। সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
