সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২১:৫৪

লালপুরে ভেজাল গুড় তৈরির দায়ে একজনের জেল

লালপুর (নাটোর) সংবাদদাতা লালপুরে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণ করার অপরাধে রবিউল ইসলাম (৬০) নামের একজনকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার এই রায় প্রদান করেন। দণ্ডাদেশপ্রাপ্ত রবিউল উপজেলার ঈশ্বরদী এয়ারপোর্ট মোড় এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীন জানান, দুপুরে উপজেলার এয়ারপোর্ট মোড় এলাকায় তার কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার কেজি ভেজাল গুড়, ১০ কেজি আটা, ১২ কেজি ফিটকিরি ও ৯০০ কেজি চিনিসহ তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এ রায় দেয়। এছাড়া জব্দকৃত চিনি প্রকাশ্য নিলামে ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।

গৌরনদীতে বিনা মূল্যে মাস্ক বিতরণ

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গৌরনদী উপজেলা প্রশাসন শুক্রবার দুপুরে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস উপজেলার গুরুত্বপূর্ণ মোড়সহ বিভিন্ন হাটবাজারে উপস্থিত জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এবং ব্যবসায়ী, পথচারীসহ সর্বসাধারণের মধ্যে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন। এ সময় গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ. রব হাওলাদার, গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উসকানিমূলক পোস্ট দেওয়ায় গ্রেফতার ৪

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি গ্রামের চার যুবককে গ্রেফতার করে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে পুলিশ। যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে আইনশৃঙ্খলরা পরিস্থিতির অবনতির চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে—পূর্বহাটি গ্রামের রোকন উদ্দিনের ছেলে তাজুল ইসলাম, সোহাগ বেগের ছেলে নাসির উদ্দিন, মাইন উদ্দিনের ছেলে রুহুল আমিন এবং মজিবুর রহমানের ছেলে বায়েজিদ মিয়া। বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নওগাঁয় লক্ষাধিক কৃষক পাচ্ছেন প্রণোদনার বীজ ও সার

নওগাঁ প্রতিনিধি নওগাঁয় ১ লাখ ২ হাজার ৪২৮ জন কৃষককে বিভিন্ন ফসল উত্পাদনে সরকারি প্রণোদনা প্রদান করা হচ্ছে। জেলা প্রশাসক এবং স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সার্বক্ষণিক পরামর্শে ও স্থানীয় কৃষি বিভাগের তত্ত্বাবধানে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। প্রণোদনার মধ্যে রয়েছে বীজ, ডিএপি সার এবং এমওপি সার। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মোট আটটি খাতে ২১টি ফসলের অনুকূলে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল ওয়াদুদ জানান, প্রণোদনাপ্রাপ্ত সবাই প্রান্তিক চাষি। প্রত্যেককে ১ বিঘা জমির অনুকূলে এই প্রণোদনা প্রদান করা হচ্ছে।

করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে মতবিনিময়

নেত্রকোনা প্রতিনিধি করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে নেত্রকোনায় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ‘নবায়নযোগ্য জ্বালানি গবেষণা কাউন্সিলের’ চেয়ারম্যান (সরকারের সচিব) জাকিয়া সুলতানা। এছাড়া সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, পুলিশ সুপার আকবর আলী মুনসী, সিভিল সার্জন ডা. সোহেল মিয়া প্রমুখ।  

নবধারার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসের স্বেচ্ছাসেবী সংগঠন নবধারার উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার কড়িকান্দি ও নারান্দিয়া ইউনিয়নের ১৫টি গ্রামের ৬০০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক, সংগঠনের প্রতিষ্ঠাতা ডা. মো. শাহবুদ্দিন, উপদেষ্টা ডা. সাইফুল ইসলাম নাজমুল, কেন্দ্রীয় পরিষদের সভাপতি ফারুক হোসেন সরকার, কড়িকান্দি ইউনিয়ন শাখার সভাপতি ই্রবাহীম খলিল প্রমুখ।