স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নৈশপ্রহরীকে হত্যা করে ‘ইউএসবি’ নামক একটি কুরিয়ার সার্ভিসের শাখায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী ডরিক মাদানী টাওয়ারে। ডাকাতদল নৈশপ্রহরীদের হাত, পা, বেঁধে কুরিয়ার সার্ভিসে রক্ষিত ১৫০টি ব্যাটারি, ওভেনসহ ১৫/১৬ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতদের পিটুনিতে মিলন মিয়া নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছে।
নিহত মিলন মিয়ার পিতার নাম মৃত সালামত উল্ল্যাহ। সে নাসিক সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর এলাকার মাওলানা হানিফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। এছাড়াও সিদ্দিকুর রহমান নামে অপর এক নৈশপ্রহরী আহত হয়েছেন। ঘটনার পর র্যাব, পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
‘ইউএসবি’ কুরিয়ার সার্ভিস চিটাগাংরোড শাখার দায়িত্বরত কর্মকর্তা কোরবান আলী জানান, বৃহস্পতিবার কয়েকজন ডাকাত ডরিক মাদানী টাওয়ারে হানা দেয়। প্রথমে ডাকাতরা নৈশপ্রহরী মিলন মিয়া ও সিদ্দিকুর রহমানকে হাত, পা, বেঁধে প্রহার করে মার্কেটের ভেতরে গলির মধ্যে ফেলে রাখে। এ সময় ‘ইউএসবি’ কুরিয়ার সার্ভিসে শাখায় রক্ষিত ১৫০টি ইজিবাইকের ব্যাটারি, একটি ওভেন ও টি ফ্রিজসহ ১৫/১৬ লাখ টাকার মালামাল লুট করে একটি পিকআপে করে নিয়ে চলে যায়।
এ সময় এশিয়া মটরস নামে পাশের একটি ব্যাটারিচালিত ইজিবাইকের দোকান থেকেও আটটি ব্যাটারি ও ১৫টি চার্জার নিয়ে যায় বলে দোকান মালিক মিন্টু মিয়া জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে নৈশপ্রহরী মিলন মিয়ার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠিছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
