স্পোর্টস রিপোর্টার
ক্যান্ডিতে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে বেশ সুবিধাজনক অবস্থানেই আছে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে বাংলাদেশের ৫৪১ রানের জবাবে গতকাল দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান। বাংলাদেশ এগিয়ে আছে ৩১২ রানে। ম্যাচের বাকি আছে দুই দিন। পাল্লেকেলের উইকেট এখনো ব্যাটিংবান্ধব। বোলারদের জন্য বলার মতো কিছু নেই। এমন অবস্থায় বাকি দুই দিনে ম্যাচ জয়ের স্বপ্ন দেখা কিছুটা কঠিনই। যদিও বাংলাদেশের জন্য ইতিবাচক হলো হাতের মুঠোয় বড় স্কোর আছে। আজ ম্যাচের চতুর্থ দিনে প্রতিপক্ষকে চেপে ধরতে পারলে জয়ের সুযোগ তৈরি হতেও পারে। এমনটা মনে করেন তাইজুল ইসলামও।
গতকাল দিনের খেলা শেষে বাঁহাতি এ স্পিনার বলেছেন, শেষ দুই দিনে জয়ের জন্যই খেলবে বাংলাদেশ দল। তার মতে, উইকেটে বিশেষ কিছু নেই। তাই নিয়ন্ত্রিত বোলিংই বড় সমাধান। রান আটকে, শৃঙ্খলিত বোলিং করতে হবে বোলারদের। চতুর্থ দিনে বোলিংয়ের পরিকল্পনা সম্পর্কে তাইজুল বলেছেন, ‘উইকেট ভালো, অনেক ভালো। আমি প্রথমেই বলছি আমাদের কালকেও (আজ) প্ল্যান থাকবে ফিল্ডিং প্রোটেকশন নিয়ে ডিসিপ্লিনড উপায়ে বোলিং করা। আমাদের হয়তো জেতার জন্যই খেলব, কিন্তু কোনো সময় যেন আমাদের থেকে যেন হাতছাড়া না হয়।’
ম্যাচ জয়ের পরিস্থিতি তৈরি করতে হলে স্বাগতিকদের প্রথম ইনিংস আজ দ্রুত শেষ করতে হবে। গতকাল তাইজুল বলেছেন, ‘সত্যি কথা বলতে এখন যে পরিস্থিতিতে আছে, আমাদের জেতার মতো পরিস্থিতিতে গেলে বিশেষ করে এই উইকেটে বিশেষ সাহায্য নাই, স্পিনার বা পেসার যার জন্যই বলেন। আমাদের ডিসিপ্লিনের মধ্যে থেকে আমাদের কাজ করতে হবে। এবং আমরা যদি তা করতে পারি, রান চেক দিয়ে, সব কিছু মিলিয়ে করতে পারলে আমরা জেতার জায়গায় যেতে পারব।’ তাইজুল অবশ্য উইকেটে বড় টার্ন আশা করছেন না। ব্যাটসম্যান অনুযায়ী পরিকল্পনা করে বোলিংয়েই গুরুত্ব দিচ্ছেন তিনি।
বাংলাদেশকে জয়ের অবস্থানে নিয়ে যেতে পারেন বোলাররাই। গতকাল উইকেট পেয়েছেন মিরাজ, তাসকিন ও তাইজুল। টেস্টের মূল পেসার আবু জায়েদ রাহী বেশ নিষ্প্রভ ছিলেন এদিন। আজ মিরাজদের সঙ্গে রাহীরও জ্বলে ওঠা খুব প্রয়োজন।
