বাগদাদে মার্কিন বিমানঘাঁটিতে রকেট হামলা

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২২:১৪

বাগদাদ বিমানবন্দরে মার্কিন সৈন্যদের একটি ঘাঁটিতে শুক্রবার তিনটি রকেট আঘাত হেনেছে। এতে এক ইরাকি সৈন্য আহত হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে। খবর এএফপির

সূত্রটি জানায়, রকেটগুলো ইরাকি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা বিমানঘাঁটি অংশে আঘাত হানে। মার্কিন নেতৃত্বাধীন উগ্র ইসলামপন্থি ও সন্ত্রাসবিরোধী জোটের অংশ হিসেবে ওয়াশিংটনের মোতায়েন করা সেনাদের সঙ্গে তারা একইসঙ্গে এ ঘাঁটিতে অবস্থান করছে।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরাকে মার্কিন অবস্থানে এটি হচ্ছে দ্বিতীয় হামলার ঘটনা। রবিবার রাজধানীর উত্তরে আরেকটি বিমানঘাঁটি লক্ষ্য করে পাঁচটি রকেট ছোড়া হয়। এতে ইরাকের তিন সেনা এবং বিদেশি দুই ঠিকাদার আহত হয়।

গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর থেকে         সেনবাহিনী, বাগদাদ দূতাবাস বা বিদেশি বাহিনীকে দেওয়া ইরাকি সরবরাহ কনভয়সহ মার্কিন স্বার্থের বিরুদ্ধে শুক্রবারের হামলাটি    ছিল ২৩তম হামলা। এসব হামলায় দুই আমেরিকান ও এক ইরাকি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।