বিপথগামী কিছু সদস্যদের ইয়াবাসংশ্লিষ্টতা ও অপরাধ কর্মের লাগাম টেনে বাহিনীর ইমেজ সংকট রোধ করতে গত বছর কক্সবাজারে কর্মরত সব পুলিশ সদস্যকে একযোগে বদলি করে দেওয়া হয়। নতুন আসা সদস্যদের কেউ কেউ ফের মাদক কারবারে জড়িয়ে পড়েন। গত বৃহস্পতিবার রাতে উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের (তানজিমারখোলা) আর্মড পুলিশের তিন সদস্যকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। ক্যাম্পে নিজেদের কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন এপিবিএন-৮ এর অধিনায়ক শিহাব কায়সার খান। গ্রেফতারকৃতরা হলেন—এসআই সোহাগ ও দুই কনস্টেবল মিরাজ ও মো. নাজিম।
সূত্র জানায়, এসআই সোহাগ তানজিমার খোলা শরনার্থী ক্যাম্প-১৩ ব্লক-এ এর হেডমাঝি একরামকে (৩৮) ইয়াবা বিক্রি করতে চাপ দিয়ে আসছিলেন। হেডমাঝি একরাম বিষয়টি ৮ এপিবিএন সিনিয়র এএসপি কামরুল ইসলামকে অবগত করেন। বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে সংশ্লিষ্টরা। সেটি জানতে পেরে হেডমাঝি একরামের সঙ্গে বাগিবতণ্ডায় জড়ান এসআই সোহাগ। সেসব ঘটনা কানে গেলে অভিযোগের সঙ্গে এসআই সোহাগ ও অন্যদের সম্পৃক্ততা নিশ্চিত হন এপিবিএনের সিনিয়র কর্মকর্তারা। পরে অভিযান চালিয়ে ইয়াবা ও জাল টাকাসহ আর্মড পুলিশের ঐ তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, মামলার পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
