রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় পর্যায়ক্রমে সতর্কতার সঙ্গে মেট্রোরেলের ডিপোর রেলওয়ে ট্র্যাকে বসানো হয়েছে ছয়টি কোচ। এখন মেকানিক্যাল-ইলেকট্রিক্যাল, ওয়াশিংসহ প্রতিটি কোচের ১৯ ধরনের পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষানিরীক্ষার পরই কোচগুলো লাইনে তোলা হবে। এ কাজে দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে। এ কাজের জন্য ইতালি থেকে এক ধরনের যন্ত্র আনা হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএল সূত্র জানায়, ছয়টি কোচ ডিপোতে রেলওয়ে ট্র্যাকে বসিয়ে ১৯ ধরনের পরীক্ষা করা হবে। এরপর কোচগুলো জোড়া দিয়েও পরীক্ষা করা হবে।
গতকাল সকালে দিকে উত্তরা দিয়াবাড়ী এলাকায় মেট্রোরেলের জেটি থেকে ক্রেন দিয়ে লিফটিং জিগের মাধ্যমে কোচগুলো লরিতে তোলার কাজ শুরু হয়। এভাবে তিনটি কোচ দিয়াবাড়ীর ডিপোতে নিয়ে যাওয়া হয়। এর আগে একই লরিতে করে বাকি তিনটি কোচ ডিপোতে নিয়ে যাওয়া হয়। ফলে জেটিতে অবস্থানরত ছয়টি কোচ নামিয়ে ডিপোতে নেওয়া হলো।
প্রজেক্ট ম্যানেজার-সিপি-৮ (উপ-সচিব) এবি এম আরিফুর রহমান জানিয়েছেন, পর্যায়ক্রমে সতর্কতার সঙ্গে আমরা ছয়টি মেট্রোরেল কোচ জেটি থেকে ডিপোতে নিয়ে এসেছি। আমাদের ডিপোর ভেতরে যে রেলওয়ে ট্র্যাক আছে, সেখানে কোচগুলো বসানো হয়েছে। প্রতিটা কোচে আলাদাভাবে ১৯ ধরনের পরীক্ষা করতে শুরু করেছি।
