সিলেটে করোনায় মৃত্যু ও আক্রান্ত বাড়ছে

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২২:৪৭

সিলেট বিভাগে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় আক্রান্ত হয়ে এক দিনে শহিদ ডা. শামসুদ্দিন হাসপাতালে প্রাণ হারান আরো দুই জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২১ জনে। একই সময়ে আক্রান্ত শনাক্ত হয় ১২৪ জন। সব মিলিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৭২ জন। শুক্রবার  স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান। এদিকে উদ্ভুত পরিস্থিতিতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০টি আইসিইউ বেড প্রস্তুত করা হচ্ছে। হাসপাতালে আলাদা একটি আইসোলেশন ও আইসিইউ বিভাগ চালুর ব্যাপারেও চিন্তাভাবনা চলছে বলে জানান হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়। তিনি বলেন, অনুমোদিত এই ১০টি আইসিইউ শয্যা স্থাপনের কাজ শেষ হতে আরো ১৫ দিন লাগতে পারে।

সিলেটে করোনায় আক্রান্তদের একমাত্র ভরসা শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ শয্যা থাকলেও তাতে সংকুলান হয় না। অন্যদিকে নগরীতে দুটি বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্তদের জন্য আইসিইউ সুবিধা থাকলেও তা অনেক ব্যয়সাপেক্ষ।

সূত্র জানায়, সম্প্রতি হাসপাতালের দুটি ওয়ার্ডকে করোনা আক্রান্ত এবং উপসর্গ থাকাদের জন্য আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার শুরু হয়। এর আগে একটি ওয়ার্ড আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহূত হতো। মাধ্যখানে রোগী হ্রাস পাওয়ায় সেখানে করোনা রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে হাসপাতালের ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহূত হচ্ছে। করোনা আইসোলেশন সেন্টারে ৪০ জন চিকিত্সাধীন রয়েছে।