৩১২ রানে এগিয়ে বাংলাদেশ

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২২:৪৯

সবুজ ঘাসের আড়ালে লুকিয়ে রান স্বর্গ। ক্যান্ডির উইকেট এখনো ব্যাটসম্যানদেরই বুকে আগলে রেখেছে। উইকেটের ব্যাটিং সখ্যতা কাজে লাগিয়ে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। গতকাল লাঞ্চের আগে ৭ উইকেটে ৫৪১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। পরে বল হাতে শ্রীলঙ্কার ওপর চাপটা ধরে রেখেছে মুমিনুল হকের দল। ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান। এখনো ৩১২ রানে এগিয়ে আছে বাংলাদেশ।

প্রচণ্ড গরমে প্রায় দুই দিন ফিল্ডিংয়ের ক্লান্তি নিয়ে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা বাংলাদেশের বিশাল রানের বিপরীতে লড়ছে। তাদের ওপর চাপ বাড়াতে আজ বোলাররাই হবেন বাংলাদেশের মূল অস্ত্র। তাসকিন, মিরাজ-তাইজুলরা যত দ্রুত আজ শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ করে দিতে পারবেন, তত দ্রুতই ম্যাচে বাংলাদেশের জয়ের আশার আলোর মুখ দেখবে।

গতকাল লাঞ্চের আগে ব্যাটিং নেমে অবশ্য ভালো শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নের ১১৪ রানের ওপেনিং জুটি ভাঙেন মিরাজ। থিরিমান্নে ৫৮ রান করে এলবির ফাঁদে পড়েন। পরে শেষ বিকালে তাসকিন, তাইজুলের দুটি উইকেট শিকারই এগিয়ে রাখছে বাংলাদেশকে। ওশাদা ফার্নান্দো ২০, অ্যাঞ্জেলো ম্যাথুস ২৫ রান করে আউট হন। করুনারত্নে ৮৫, ধনাঞ্জয়া ডি সিলভা ২৬ রানে অপরাজিত আছেন।

এর আগে সকালে ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৭ রান যোগ করেছিল বাংলাদেশ দল। মুশফিকুর রহিম ২৯তম, লিটন ৮ম হাফ সেঞ্চুরি করেছিলেন। লিটন ৫০ রান করে আউট হন। মুশফিক ৬৮ ও তাসকিন ৬ রানে অপরাজিত ছিলেন। লঙ্কানদের পক্ষে বিশ্ব ফার্নান্দো ৪টি উইকেট পান।