দেশে ৯ দিন পর মৃতের সংখ্যা ৯০-এর নিচে

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২২:৫১

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের মৃত্যু হয়েছে, সংক্রমিত হয়েছে ৩ হাজার ৬২৯ জন। এর মধ্য দিয়ে ৯ দিন পর  দেশে মৃত্যুর সংখ্যা নব্বইয়ের নিচে নামল। আর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা চার হাজারের নিচে নামল চার দিন পর। এ পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৮৬৯ জন। আর আক্রান্ত হিসাবে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জন। সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে আরো ৫ হাজার ২২৫ জন গত এক দিনে সেরে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন।

দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ; তা ৭ লাখ পেরিয়ে যায় গত ১৪ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। মধ্যে দুদিন শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজারের ঘরে থাকলেও ১৯ থেকে ২২ এপ্রিল প্রতিদিনই শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজারের মধ্যে। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৫ এপ্রিল তা ১০ হাজার ছাড়িয়ে যায়। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে হাসপাতালে রোগীর যখন প্রচণ্ড চাপ, সে সময় ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন প্রথম বারের মতো এক দিনে মৃত্যুর সংখ্যা ৯০ ছাড়ায়। এর দুই দিনের মাথায় তা ১০০ ছাড়িয়ে যায়। ১৬ থেকে ১৯ এপ্রিল চার দিন দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১০০-এর বেশি। ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ১৪ থেকে ২২ এপ্রিল—টানা ৯ দিন পর দৈনিক মৃত্যুর সংখ্যা নব্বইয়ের নিচে নামার খবর এলো গতকাল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৪৯টি ল্যাবে ২৫ হাজার ৮৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৩ লাখ ৩ হাজার আটটি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ লাখ ৩২ হাজার ৮০টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ১৩ লাখ ৭০ হাজার ৯২৮টি।