বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ৩৫তম ম্যাচে চিটাগাং ভাইকিংসকে ৭ উইকেটে হারালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মঙ্গলবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম পর্বের দিনের প্রথম ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চিটাগাং। বৃষ্টির জন্য নির্ধারিত ১৯ ওভারে ৮ উইকেটের বিনিময়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১১৬ রান। জবাবে ব্যাট করতে নেমে দুই ওভার দুই বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় তুলে নায় কুমিল্লা।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ শেহজাদ ৩৩ রানে সাজঘরে ফেরেন। শেহজাদের পর সাদমান ইসলাম ০, ইয়াছির আলি ০ রানেই ফিরে যান। চার নম্বরে নামা অধিনায়ক মুশফিকুর রহিম ফেরেন ৬ রানে। এরপর নাজিবুল্লাহ জারদান ১৩, ক্যামেরুন ডেলপোর্ট ৬, সিকান্দার রেজা ৫ ও নাঈম হাসান ৪ রানে ফিরে যান। আটে নামা মোছাদ্দেক হোসেন করেন ইনিংস সর্বোচ্চ ৪৩ রান। ইনিংস শেষে মোছাদ্দেক হোসেন ও রানের দেখা না পাওয়া আবু জায়েদ অপরাজিত থাকেন।
বল হাতে কুমিল্লার পক্ষে মোহাম্মদ সাইফুদ্দিন, ওয়াহাব রিয়াজ ও শহীদ আফ্রিদি দুইটি করে উইকেট তুলে নেন। এছাড়া মেহেদি হাসান একটি উইকেট পান।
আরও পড়ুন: মিয়ানমারে সুচি-সেনাবাহিনী মুখোমুখি
১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানেই ফেরেন ওপেনার এনামুল হক। তিন নম্বরে ক্রিজে আসা শামসুর রহমানকে সঙ্গে করে এগুতে থাকেন তামিম। জুটি গড়েন ৬৭ রানের। দলীয় ৯১ রানে শামসুর ফেরেন ৩৬ রানের ইনিংস খেলে। এরপর মাঠে আসেন অধিনায়ক ইমরুল কায়েস। ইতিমধ্যেই তামিম তুলে নেন এই আসরে তার দ্বিতীয় অর্ধশতক। এর মধ্য দিয়েই চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার পাঁচ নম্বর অবস্থানে জায়গা করে নেন এই বাঁহাতি ওপেনার। ইমরুল ফেরেন ব্যক্তিগত ৮ রানে। ইমরুলের পরে মাঠে আসে থিসারা পেরেরা। ইনিংসের শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত থাকেন তামিম। তার সাথে ১০ রানে অপরাজিত থাকেন পেরেরা।
চিটাগংয়ের হয়ে দুইটি উইকেট নেন আবু জায়েদ। এছাড়া একটি উইকেট নেন খালেদ আহমেদ।
ইত্তেফাক/জেডএইচডি
