রাশিয়ার প্রধান বিরোধী নেতা আলেক্সেই নাভালনি ২৪ দিন পর অনশন ভাঙার ঘোষণা দিয়েছেন। ২৪ দিন ধরে অনশন চালানোর পর শুক্রবার খাবার গ্রহণে সম্মত হন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই সমালোচক। অনশন ভাঙার কয়েক ঘণ্টা আগে কারাগারে তার ব্যক্তিগত চিকিত্সকরা তাকে জীবন ও স্বাস্থ্য রক্ষার জন্য খাবার খেতে অনুরোধ করেন। খাবার না গ্রহণ করলে তার মৃত্যুর ঝুঁকি ছিল বলে তারা জানান। খবর বিবিসির।
গত ৩১ মার্চ থেকে নাভালনি আরো ভালো চিকিত্সা সেবার দাবিতে অনশন শুরু করেন। ইন্সটাগ্রাম পোস্টে নাভালনি লিখেছেন, চিকিত্সকরা তাকে দুইবার দেখে গেছেন এবং ‘অবস্থার উন্নতির পরিপ্রেক্ষিতে আমি আমার অনশন ধর্মঘট সমাপ্ত করছি।’ এই প্রক্রিয়া ধীরে ধীরে হবে বলেও যোগ করেন তিনি। এ সপ্তাহের শেষ দিকে নাভালনির চিকিত্সকরা সতর্ক করে দিয়ে বলেছিলেন, তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। বৃহস্পতিবার তারা আবারও সতর্ক করে দিয়ে বলেন, আরো অনশন তার গুরুতর ক্ষতি করবে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। সাইবেরিয়ায় স্নায়ু বিকলকারী বিষ প্রয়োগে আক্রান্ত হয়ে নাভালনি বার্লিনে চিকিত্সা নিচ্ছিলেন। এ ঘটনায় তিনি কোমায় চলে গিয়েছিলেন। গত জানুয়ারিতে সুস্থ হয়ে রাশিয়ায় ফিরে আসার পরপরই তাকে গ্রেফতার করা হয়।
বিষ প্রয়োগে জড়িত থাকার অভিযোগ রুশ কর্তৃপক্ষ অস্বীকার করে আসছে। তবে গত ডিসেম্বরে নাভালনি রুশ নিরাপত্তা সংস্থা এফএসবির একজন এজেন্টকে দিয়ে কৌশলে তথ্য প্রকাশ করান যে, স্নায়ু বিকলকারী ‘নোভিচক এজেন্ট’ নামে রাসায়নিকটি ঐ এজেন্টের পকেটে রাখা ছিল। কারাদণ্ডের স্থগিতাদেশ ভঙের অভিযোগে গত ফেব্রুয়ারিতে রাশিয়ার একটি আদালত নাভালনিকে আড়াই বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন। যদিও স্থগিতাদেশ ভঙের সময় তিনি কোমায় ছিলেন। ইউরোপের মানবাধিকার বিষয়ক আদালত নাভালনিকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছে। তবে রাশিয়া এই আদেশ পালনে অস্বীকৃতি জানিয়েছে।
