সাংবাদিক সিয়াম সারওয়ার জামিলকে পাওয়া গেছে। ঢাকা থেকে নিখোঁজের একদিন পর গতকাল শুক্রবার রাতে আশুলিয়া এলাকা থেকে হাত-পা বাঁধা ও আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। গতকাল রাত ৮টার দিকে আশুলিয়ার একটি গ্রামের সড়কের পাশে তাকে পড়ে থাকতে দেখেন লোকজন। পরে সিয়াম এক পথচারীর ফোন থেকে তার পরিবারকে এ ঘটনা জানান। পরে স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেয়। রাতে তাকে ঢাকায় নিয়ে আসার কথা রয়েছে।
তেজগাঁও থানার ওসি সালাহউদ্দিন মিয়া বলেন, নিখোঁজ হওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়। সম্ভাব্য স্থানগুলোয় তার সন্ধান চলছিল। এরমধ্যে তার স্বজনরা ফোন করে তাকে খুঁজে পাওয়ার তথ্য জানিয়েছেন। তবে তার সঙ্গে ঠিক কী ঘটেছিল তা এখনো জানা যায়নি। ঢাকায় আনার পর তার সঙ্গে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
সিয়াম নেপালের একটি দৈনিক পত্রিকার ঢাকা ব্যুরোতে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করেন। এছাড়া তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। গত বৃহস্পতিবার সকালে রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় বোনের বাসা থেকে বের হওয়ার পর তার খোঁজ মিলছিল না। নিখোঁজ হওয়ার আগে ফেসবুকে তার শেষ পোস্ট ছিল- ‘পৃথিবীটা ভীষণ সুন্দর। আর মানুষও। সবাইকে সালাম। ভালো থাকবেন।’
সিয়ামের ভগ্নিপতি মাহবুবুল ইসলাম জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়া অংশের পাশের একটি গ্রামের ভেতর রাস্তার পাশে তাকে পাওয়া যায়। তখন তিনি কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন। ঠিকঠাক কথা বলতে পারছিলেন না। মনে হচ্ছিল কোনো ওষুধের প্রভাবে রয়েছে। তার শরীরে ব্লেড বা ঐ জাতীয় ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে।
