করোনায় মারা গেলেন মঞ্চ অভিনেতা তবিবুল ইসলাম বাবু

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৩:১৭

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রবীণ মঞ্চ অভিনেতা, নাট্যনির্দেশক তবিবুল ইসলাম বাবু মারা গেছে। বার্ধক্যজনিত নানা অসুখে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা আহসানুল হক মিনু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তবিবুল ইসলাম বাবু ভাই। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। ধানমন্ডির তাকওয়া মসজিদে দাফনের পর আজ তাকে রায়েরবাজার কবরস্থানে দাফনের কথা রয়েছে।

দেশসেরা নাট্য দল থিয়েটারের প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন তবিবুল ইসলাম বাবু। একসময় থিয়েটার ভাগ হয়ে গেলে সতীর্থদের নিয়ে নতুন দল গঠন করেন তিনি। যার নামও ছিল থিয়েটার। তিনি এটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

মঞ্চে অনেক নাটকে অভিনয় করেছেন তবিবুল ইসলাম বাবু। সেসবের মধ্যে ‘সেনাপতি’, ‘চারিদিকে যুদ্ধ’, ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘ওথেলো’, ‘এখন দুঃসময়’, ‘জমিদার দর্পণ’, ‘মহাপুরুষ’ উল্লেখযোগ্য। এ ছাড়া ‘আমি রাবেয়া’ ও ‘জীবনঢুলি’ নামে দুটি সিনেমাতেও তিনি কাজ করেছেন। তবিবুল ইসলাম ছিলেন ফেরদৌসী মজুমদার, আসাদুজ্জামান নূর, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরীর গুণমুগ্ধ ভক্ত। মঞ্চ নিয়ে কথা উঠলে এই অভিনয়শিল্পীদের কথা সব সময় বলতেন তিনি।

টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন প্রবীণ এই অভিনেতা। তানভীর মোকাম্মেল পরিচালিত জীবন ঢুলি সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে তাকে। তবে জীবনের বেশিরভাগ সময় পার করেছেন মঞ্চের সঙ্গে।

১৯৯৫ সালে তবিবুল ইসলাম বাবু ‘নাট্যজন’ নামে নতুন একটি দল গঠন করেছিলেন। এই দলের হয়ে ‘তেভাগার পালা’ নাটকটির নির্দেশনা দেন অভিনেতা আহসানুল হক মিনু।

তবিবুল ইসলাম বাবু ১৯৪৪ সালের ২৮ ডিসেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তার স্ত্রী অভিনেত্রী সাঈদা ইসলাম।