আসিয়ান নেতাদের সঙ্গে আলোচনার জন্য জাকার্তায় মিয়ানমারের জান্তা প্রধান

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৮:০১

দক্ষিণ-পূর্ব এশিয়ান নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছেন মিয়ানমার জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং।  আজ শনিবার (২৪ এপ্রিল) জাকার্তার সোকারনো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। এ খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতা দখলের পর জান্তা সরকার প্রধানের এটাই প্রথম বিদেশ সফর।  তিনি সেখানে মিয়ানমারে চলমান সহিংসতা রোধের উপায় নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ান নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

মিয়ানমারের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক সামিট করতে যাচ্ছে অ্যাসোসিয়েশন অব দক্ষিণ-পূর্ব এশীয় নেশনস (আসিয়ান)। সংস্থাটির সদস্য দেশগুলো হচ্ছে, ব্রনাই, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, কম্বোডিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনস, সিঙ্গাপুর, ভিয়েতনাম এবং লাও পিডিআর।

মহামারির মধ্যেও সামিটে সরাসরি অংশগ্রহণ করছেন সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা। এর আগে গতকাল শুক্রবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেট্নো মার্সুদি বলেন, সামিটে মিয়ানমারের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো হবে এবং এই অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় নিয়ে আলোচনা করা হবে।

ইত্তেফাক/টিএ