‘নির্মাতার আস্থার প্রতিদান দিতে চাই’

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:০১

 বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ক্যারিয়ারে প্রথমবারের মতো একই সিনেমায় দুই রূপে হাজির হওয়ার কথা ক’দিন আগেই জানান। ‘চালবাজ ইন লন্ডন’ সিনেমায় ডাবল চরিত্রে অভিনয় করছেন তিনি। শিগগিরই এর শুটিংয়ের তারিখ ঘোষণা করা হবে। আর তার আগে চলছে নিজেকে ঝালিয়ে নেওয়ার প্রস্তুতি। সিনেমাটিতে নিজেকে চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে এরইমধ্যে বেশ পরিশ্রম শুরু করেছেন শ্রদ্ধা। আর এই খবরটি প্রকাশ্যে আসতেই আবারো শিরোনামে এলেন তিনি। পরিচালকের আস্থার মূল্য দিতে চান তিনি। শ্রদ্ধাকে কাস্ট করার কারণ হিসেবে সিনেমাটির পরিচালক পঙ্কজ পারাশার জানান, শ্রদ্ধা পর্দায় ম্যাজিক দেখাবে। যা এই সময়ের কেউ দেখাতে পারবে না। শ্রদ্ধা বলেন, ‘প্রতিটি কাজই আমি অনেক পরিশ্রম দিয়ে করার চেষ্টা করি। চরিত্রের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে প্রস্তুতিতে কমতি রাখতে চাই না। ক্যারিয়ারে প্রথম ডাবল চরিত্রে অভিনয় করবো। নির্মাতার আস্থার প্রতিদান দিতে চাই। নিশ্চয় কাউকে হতাশ হতে হবে না।’