ডায়রিয়ার প্রকোপ বাড়ছে

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:২৯

মীর্জাগঞ্জে দুই জনের মৃত্যু

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে বেড়েই চলেছে ডায়রিয়ার প্রকোপ। পটুয়াখালীর মীর্জাগঞ্জে ডায়রিয়া আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

পিরোজপুর :পিরোজপুরের হাসপাতালগুলোতে প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখা বাড়ছে। হঠাত্ করে ডায়রিয়া রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি রোগীদের সেবা দিতে চিকিত্সক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। শনিবার জেলার বিভিন্ন হাসপাতালে ১৩৩ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন বলে পিরোজপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে। এরমধ্যে মঠবাড়িয়ায় ৩৪ জন, ভাণ্ডারিয়া উপজেলায় ৩৫ জন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১৫ জন, কাউখালীতে ১৪ জন, নাজিরপুরে ১০ জন এবং পিরোজপুর জেলা হাসপাতালে ২৫ জন রোগী ভর্তি রয়েছেন। ভর্তি রোগী ছাড়াও হাসপাতালের বহির্বিভাগ থেকে প্রতিদিন প্রচুর রোগী ডাক্তারের পরামর্শ ও চিকিত্সা নিচ্ছেন।

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) :গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন গ্রামে ৫৪ জন নারী-পুরুষ ও শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মীর্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত এক সপ্তাহে ৫২২ জন ডায়রিয়া রোগী হাসপাতালে চিকিত্সা নিয়েছেন। এর মধ্যে গত বৃহস্পতিবার সকালে খুশি বেগম (৩৫) নামের এক নারী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা এসব তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে শুক্রবার বিকালে উপজেলার বাজিতা গ্রামের স্থানীয় পূর্ব বাজিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী মো. মোয়াজ্জেম হোসেন আকন (৪০) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, মীর্জাগঞ্জ উপজেলায় ব্যাপক হারে ডায়রিয়ার প্রকোপ বাড়ার কারণ বৈজ্ঞানিকভাবে পরীক্ষার জন্য ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর-এর পরিচালকের কাছে ইতিমধ্যে আবেদন করা হয়েছে।

দৌলতখান (ভোলা) : প্রতিদিন শিশু থেকে শুরু করে সব বয়সি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রোগীর চাপে চিকিত্সা দিতে হিমশিম খাচ্ছেন চিকিত্সকসহ স্বাস্থ্যকর্মীরা। শনিবার দৌলতখান ৫০ শয্যার হাসপাতালে দেখা গেছে, ডায়রিয়া আক্রান্ত দেড় শতাধিক রোগী চিকিত্সা নিচ্ছেন। শয্যা সংকট থাকায় হাসপাতালের মেঝেতে চিকিত্সা নিতে হচ্ছে এসব রোগীকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা পিয়াস কান্তি সাহা জানান, ৫০ শয্যার হাসপাতালে দেড় শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিত্সা নিচ্ছেন। এতে তারা হিমশিমে খাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, নির্ধারিত শয্যার চেয়ে অতিরিক্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তবে রোগীদের সর্বোচ্চ চিকিত্সা নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, ডায়রিয়া থেকে রক্ষা পেতে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই।