ফসলি জমির পাশ থেকে কঙ্কাল উদ্ধার

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:৩০

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

তিতাসে ফসলি জমির পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কলাকান্দি ইউনিয়নের দড়ি মাছিমপুর গ্রামসংলগ্ন সরিষাবাগ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দড়ি মাছিমপুর গ্রামসংলগ্ন সরিষাবাগে স্থানীয় কয়েক জন ফসলি জমিতে কাজ করতে যাওয়ার পথে এক পাশে কঙ্কালটি দেখতে পায়। বিষয়টি থানাপুলিশকে জানালে তারা মানবদেহের মাথার খুলি, বুকের হাড়, হাত ও পায়ের হাড্ডিগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত কঙ্কালের সঙ্গে একটি পাঞ্জাবি, পাঞ্জাবির পকেটে টুপি, মাস্ক, কিছু ওষুধ, একটি বন্ধ মোবাইল ফোন পাওয়া গেছে। তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম বলেন, লোকটি বয়স্ক হবে। মাসখানেক আগে তার মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তিতাসের এখন পর্যন্ত লোক মিসিং নেই। ঘটনাস্থলটি হোমনা উপজেলার সীমান্তবর্তী এলাকা। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা এখন বলা যাচ্ছে না।