মোরেলগঞ্জে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:৩০

দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশ

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

মোরেলগঞ্জে খাবার পানির তীব্র সংকট নিরসনে সরকারিভাবে ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু হয়েছে। শনিবার বিকালে উপজেলা চত্বরে এ পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পৌর সদরের খাবার পানির একমাত্র উত্স্য থানার পুকুরের খনন কার্য কয়েক মাস ধরে চলছে। যার কারণে পুকুরটি এখন পানি শূন্য। পার্শ্ববর্তী প্রশাসন চত্বরে আরো দুটি পুকুর থাকলেও একটির পানি তলানিতে। পানি থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। এ পুকুরের পানিই পৌরবাসীর একমাত্র ভরসা। এনিয়ে গত ২৪ এপ্রিল দৈনিক ইত্তেফাকে ‘মোরেলগঞ্জে খাওয়ার পানির তীব্র সংকট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু হয়। পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধনীতে উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, পৌর মেয়র মনিরুল হক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, মোরেলগঞ্জে খাবার পানির তীব্র সংকট দেখা দেওয়ায় জেলা প্রশাসকের সহায়তায় এ পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এ প্ল্যান্টের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্পটে সরবরাহ কার্যক্রম চলবে।