লোহাগড়ায় পুলিশের ওপর হামলা
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
লোহাগড়া থানার দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২৫/৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে লোহাগড়া থানার এএসআই মিকাইল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ কুমড়ি গ্রামের সোহানা, সেলিনা বেগম ও জাহানারা বেগমকে গ্রেফতার করেছে। লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুমড়ি গ্রামে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গেলে লোহাগড়া থানার এএসআই মিকাইল হোসেন ও এএসআই মীর আলমগীরের ওপর হামলা করে আসামিরা। তারা এএসআই মীর আলমগীরকে কুপিয়ে ও পিটিয়ে তার পিস্তল ছিনিয়ে নেয়। বিকালে রাস্তার ওপর থেকে পিস্তল উদ্ধার হয়। আহতরা লোহাগড়া হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। তিনি আরো বলেন, অন্য আসামিরা পালিয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।
