চট্টগ্রামে ফুটপাত থেকে নবজাতক উদ্ধার

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:৩০

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম নগরীর ফুটপাতে ফেলে রাখা এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নগরীর ওয়াসা মোড়সংলগ্ন এলাকা থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ জানান, মামুন নামে এক যুবক তার বাসার সামনে ফুটপাতে নবজাতকের কান্না শুনতে পায়। পরে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানান। সেখান থেকে তথ্য পাওয়ার পর পুলিশ গিয়ে নবজাতককে উদ্ধার করে। নবজাতকটি মুমূর্ষু অবস্থায় ছিল। কয়েক বার বমি করেছে। পরে শিশুটিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। নবজাতক শঙ্কামুক্ত বলে হাসপাতালের চিকিত্সক জানিয়েছেন। প্রকৃত অভিভাবক পাওয়া না গেলে আদালতের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।