জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে বাড়ির পানি যাওয়ার ড্রেন নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম রেজাউল করিম (৪৫)। শনিবার সকালে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জয়পুরহাট সদর থানার ওসি এ কে এম আলমগীর জাহান বলেন, বাড়ির পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণকে কেন্দ্র করে জয়পুরহাট সদর উপজেলার পলিকাদোয়া গ্রামের রেজাউল করিমের সঙ্গে প্রতিবেশী আব্দুল আলীমের ঝগড়া হয়। এক পর্যায়ে আব্দুল আলীম লাঠি দিয়ে রেজাউলের মাথায় আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে রাতেই বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিত্সাধীন অবস্থায় শনিবার রেজাউল মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে জয়পুরহাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকারীকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলে জানান তিনি।
