পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা
উদ্বোধনের আড়াই বছর পরেও সেবা দিতে পারছে না গাইবান্ধার পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনটি। ২০১৮ সালের ১ নভেম্বর ফায়ার সার্ভিস ভবনটির উদ্বোধন করা হয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারেনি ভবনটি। বিভিন্ন দুর্ঘটনায় গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ ও রংপুরের পীরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের ওপর নির্ভর করতে হয় এ উপজেলাবাসীকে। এমতবস্থায় পলাশবাড়ী উপজেলাবাসী দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সেবাটি দ্রুত চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছে। গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এনামুল হক জানান, ভবনের কাজ শেষ কিন্তু বিদ্যুত্ ও পানির সঞ্চালন কাজ বাকি থাকায় হস্তান্তর করতে বিলম্ব হচ্ছে। এ বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি।
