সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:৩৩

স্বরূপকাঠিতে চার ব্যবসায়ীকে জরিমানা

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে সরকারি বিধিনিষেধ না মানায় চার ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। থানাপুলিশের সহায়তায় উপজেলার ডুবি বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে আবুল কালামকে ৫ হাজার টাকা, মুদি দোকানি সেলিমকে ৫ হাজার, তুহিনকে ২ হাজার এবং শহিদুলকে ২ হাজার টাকাসহ সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

খুলনা অফিস খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে মানবিকসহায়তা কর্মসূচির আওতায় করোনায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জিলা স্কুল মাঠে দর্জি, ইজিবাইক চালক, দুস্থ নারী, বাসচালকসহ ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণিপেশার ৫০০ কর্মহীন মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা।

ডায়রিয়া রোগীদের জন্য স্যালাইন প্রদান

বামনা (বরগুনা) সংবাদদাতা বামনা উপজেলা যুবলীগের উদ্যোগে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন ডায়রিয়া রোগীদের জন্য স্যালাইন দেওয়া হয়েছে। আক্রান্ত গরিব ও অসহায় রোগীদের জন্য বিনা মূল্যে ১ হাজার এমএল-এর ৫০ পিস স্যালাইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা যুবলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম সরওয়ার, সহসভাপতি সঞ্জয় কর্মকার প্রমুখ।

নেত্রকোনায় ত্রাণসামগ্রী বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় দোকান কর্মচারী এবং  নিম্ন আয়ের সাড়ে ৩০০ লোকের মধ্যে শনিবার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শহরের সাতপাই স্টেডিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ ত্রাণ সহায়তা দেওয়া হয়। ত্রাণ বিতরণ করেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। 

১৩২ জনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে দেবিগঞ্জে শনিবার গরিব ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১০ ইউনিয়নের ১৩২ জন গরিব ও অসহায়ের মধ্যে পুষ্টি সমৃদ্ধ এ খাবার বিতরণ করা হয়। হাসপাতাল চত্বরে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী।

করোনা সচেতনতা ক্যাম্পেইন

শেরপুর প্রতিনিধি স্বাস্থ্যবিধি মেনে চলা ও কোভিট-১৯ থেকে সুরক্ষা পেতে টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণে শেরপুরের ঝিনাইগাতীর রাংটিয়া কোচপল্লিতে শুক্রবার বিকালে সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর এ ক্যাম্পেইনের আয়োজন করে। এর উদ্বোধন করেন জনউদ্যোগের আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ।

গর্ভবতী নারীদের মধ্যে খাবার বিতরণ

ডোমার (নীলফামারী) সংবাদদাতা ডোমারে শনিবার ৪০ জন শিশু-কিশোর ও ২৫ জন গর্ভবতী নারীর মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ এবং পুষ্টিবিষয়ক পরামর্শ দেওয়া হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের নিজস্ব হলরুমে এ কার্যক্রম পরিচালনা করে। এ সময় ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী, আর এমও ডা. তপন কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

০