তাসকিন
স্পোর্টস রিপোর্টার
চার দিনই ২২ গজে রানের জোয়ার বয়ে গেল। বাংলাদেশের পর পাল্লেকেলের উইকেটে রান পাহাড়ে চড়ল শ্রীলঙ্কা। চার দিন শেষ হলেও দুই দলের প্রথম ইনিংস অসম্পূর্ণ রয়ে গেছে। ক্রিকেটীয় অনিশ্চয়তার সুযোগ থাকলেও ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্ট ড্রয়ের দিকে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। গতকাল চতুর্থ দিন শেষে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদও জানালেন, ‘এই টেস্টটা ড্র হওয়ার সুযোগ বেশি।’
তবে ক্যান্ডিতে গতকাল কঠিন দিন পার করেছে বাংলাদেশের বোলাররা। উইকেটই পুরোই ব্যাটিং সহায়ক। বোলারদের জন্য নেই কিছুই। স্পিনার, পেসার কেউই প্রভাব ফেলতে পারেননি। দিনভর উইকেটের দেখাই পাননি বাংলাদেশের বোলাররা। মিরাজ-তাইজুলদের হতাশ করে দিমুথ করুনারত্নে-ধনাঞ্জয়া ডি সিলভা গোটা দিন ব্যাটিং করেছেন। অবিচ্ছিন্ন থেকে ৩২২ রানের জুটি গড়েছেন।
বোলাররা চেষ্টা করেছেন কিন্তু সফল হননি। এমন উইকেট তেমন কিছু করার নেই বলেই উল্লেখ করেছেন চার বছর পর টেস্ট খেলা তাসকিন। গতকাল তিনি বলেছেন, ‘কন্ডিশন এমন কিছুই করার নেই। চেষ্টা করছি ভালো জায়গা বল করতে। কীভাবে রান কম দেওয়া যায়, দল কীভাবে উপকৃত হবে, সেই চেষ্টাই করছি। উইকেটে যেহেতু সহায়তা নেই, কিছু করার নেই।’
গতকাল মিরাজ ২৮, তাইজুল ১৯, তাসকিন ১৩, এবাদত ৭, রাহী ৬ ওভার বোলিং করেছেন। হাত ঘুরিয়েছেন অধিনায়ক মুমিনুল ও সাইফ হাসান। উইকেট বোলারদের জন্য কঠিন উল্লেখ করে তাসকিন বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে এমন উইকেটে বোলারদের জন্য অনেক কঠিন। ওদের বোলাররাও দেখেন লাকমল ৩৬ ওভার বল করেছে। আসলে উইকেটটাই, এমন সুযোগ তৈরি করার অপশন কম। ভালো বলও একটু ঊনিশ-বিশ হলে সেটা বাউন্ডারি হয়ে যাচ্ছে।’ তাসকিনের মতে, এমন কন্ডিশনে সফল হতে ফিট থাকা এবং স্কিলের উন্নতি আবশ্যক। ক্যান্ডির নিষ্প্রাণ উইকেটে বোলিংয়ের শিক্ষা মিরাজরা ভবিষ্যতে কাজে লাগাতে পারেন কি না তাই দেখার বিষয়।
আজ ম্যাচের পঞ্চম দিনে লঙ্কানরা প্রথম ইনিংস ঘোষণা করলে বা তারা অলআউট হলেই ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। ৩ উইকেটে ৫১২ রান তুলে চতুর্থ দিন শেষ করা স্বাগতিকরা নিশ্চিতভাবেই আজ অন্তত ১৫০-২০০ রানের লিড নিতে চাইবে এবং দ্রুত রান তোলার চেষ্টা করবে। পরে বাংলাদেশকে একটা টার্গেট দিয়ে চ্যালেঞ্জে ফেলার পথে হাঁটতে পারে করুনারত্নের দল। তবে উইকেটের আচরণ বলছে শেষ দিনে এত নাটকীয়তার সম্ভাবনাও কম।
