এই ভোগান্তির শেষ কোথায়?

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২২:৩১

ঢাকার কদমতলী থানার অধীনে জুরাইন একটি বৃহত্ এলাকা। একসময় এলাকাটি ছিল এক টুকরো গ্রামের মতো—যেখানে ছিল খাল, ডোবা, মাটির রাস্তা, ইটের তৈরি হাতেগোনা দু-একটা ভবন ও অধিকাংশই চালের ঘর। এলাকার নাম বললে অনেকে চিনতে না পেরে দ্বিতীয়বার জিজ্ঞেস করত। সেই এলাকাটি সময়ের পরিক্রমায় উন্নতির দিকে ধাবিত হচ্ছে। সুপরিকল্পিত ফ্লাইওভার, চলমান মেট্রোরেলের কাজের পাশাপাশি সুসজ্জিত বহু ভবন, মার্কেট, রাস্তাঘাট জুরাইনকে করেছে পরিচিত। কিন্তু দুঃখের বিষয়, এখনো এলাকাটি নিচু এলাকা। জুরাইনে এমন অনেক রাস্তা রয়েছে, যেগুলোর জলাবদ্ধতা কখনো দূর হয় না—যার মধ্যে মেডিক্যাল রোড একটি। বৃষ্টিহীন মৌসুমেই যে রাস্তা পানিতে ডুবে থাকে, বর্ষায় সে রাস্তার অবস্থা কীরূপ হয় তা বলাই বাহুল্য। বছর ভরে জলাবদ্ধতার ফলে ভোগান্তির শিকার হচ্ছে এলাকার সাধারণ মানুষ, কিন্তু নেই প্রশাসনিক উদ্যোগ। জলাবদ্ধতা দূর করার জন্য একাধিকবার আশ্বাস দেওয়া হলেও নেওয়া হয় না কোনো পদক্ষেপ। এই বিষয়ে সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আতিয়া ফাইরুজ ঐশী

শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়