সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২২:৩১

ইত্তেফাক ডেস্ক

সড়ক দুর্ঘটনায় পাবনায় দুই জন, মানিকগঞ্জে এক জন, বরিশালে এক জন ও কালিয়াকৈরে এক জন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা জানান :

সুজানগর (পাবনা) :পাবনার সুজানগরে সড়ক দুর্ঘটনায় এক জন মহিলাসহ দুই জন নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকাল ৪টায় উপজেলার ভায়না ইউনিয়নের কাঠালবাড়ীয়া সড়কে ঐ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার ঘোড়াদহ গ্রামের শামীম হোসেনের স্ত্রী জুথি খাতুন (২৫) ও বেড়া উপজেলার শিবপুর গ্রামের রোস্তম আলীর ছেলে রতন হোসেন (২৫)।

ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন জানান, বিকাল ৪টার দিকে একটি ভটভটি গাড়ি বেড়ার নাটিয়া বাড়ি থেকে সিমেন্ট নিয়ে সুজানগর পৌর বাজারে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী শামীম হোসেন ও তার স্ত্রী জুথি খাতুন ঐ স্থানে পৌঁছে ভটভটি গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। এতে সিমেন্টের বস্তার ওপর থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ভটভটির হেলপার রতন হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেলের আরোহী জুথি খাতুন মারা যান। সুজানগর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল কদ্দুস দুর্ঘটনায় নিহতের খবর নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই জন আরোহী। শনিবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম সবুজ (২৩)। তিনি টাঙ্গাইলের নাগরপুর থানার ধুবুরিয়া গ্রামের লাল মিয়ার ছেলে। এছাড়া আহত মোটরসাইকেলচালক নাজমুল হাসান রনি (৩০) পাবনার আমিনপুর উপজেলার মাসুদিয়া কাজীপাড়া গ্রামের কাদের শেখের ছেলে ও ফরহাদ (২৬) ধুবুরিয়া গ্রামের ময়নাল হোসেনের ছেলে।

জানা যায়, সবুজসহ তিন জন মোটরসাইকেলে ঢাকার গাবতলী যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের মানিকগঞ্জের অদূরে দীঘি এলাকায় পাটুরিয়াগামী সিমেন্টবাহী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, সিমেন্টবাহী একটি কাভার্ড ভ্যান ভুলপথে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই এক জন নিহত হন। আহতদের মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ড ভ্যানচালক ইমরান খানকে (২৫) আটক করা হয়েছে।

কালিয়াকৈর (গাজীপুর) :গাজীপুরের কালিয়াকৈরে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মান্নান খান (৩২) নামে এক জন ইজিবাইকচালক নিহত হয়েছেন। শনিবার সকালে কালিয়াকৈর-মাওনা সড়কের উপজেলার কুতুবদিয়া নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মান্নান খান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা গ্রামের  বাসেদ খানের ছেলে। জানা যায়, ঐ দিন সকালে সে ইজিবাইক চালিয়ে কালিয়াকৈর থেকে আজগানা যাওয়ার পথে কালিয়াকৈর-মাওনা সড়কের কুতুবদিয়া হাজিরপুকুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আগত কালিয়াকৈরগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইজিবাইকচালক মান্নান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে কালিয়াকৈর থানায় হস্তান্তর করেন। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচালক পালিয়েছে তবে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে। লাশ  ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ  করা হয়েছে।

বরিশাল অফিস ও হিজলা সংবাদদাতা :বরিশালের হিজলা উপজেলায় রাস্তায় পিচঢালাইয়ের কাজে ব্যবহূত বালু টানার ট্রলিচাপায় ইব্রাহিম নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের মান্দ্রা বাজারের কাছে বালু বাহী ট্রলিটি শিশু ইব্রাহিমকে চাপা দেয়। এতে ইব্রাহিম ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর ঘাতক ট্রলির চালক আনোয়ার ট্রলি রেখে পালিয়ে যায়। মৃত শিশু ইব্রাহিম ইন্দুরিয়া গ্রামের মাছ ব্যবসায়ী মো. মাইদুল চৌকিদারের ছেলে। স্থানীয়রা জানায়, ইউনিয়নের মান্দ্রা বাজার থেকে কাকুরিয়া বাজারের ৩ কিলোমিটার রাস্তার পিচঢালাইয়ের কাজ চলছে। শনিবার সকালে শিশুটি রাস্তার পাশে খেলতে ছিল। এমন সময় পিচঢালাইয়ের কাজে ব্যবহূত বেপরোয়া গতির ট্রলিটি এসে শিশুটিকে চাপা দেয়।