বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়ালখাঁ নদী থেকে ৫০ টন সরকারি চাল বোঝাই একটি ট্রলার জব্দ করে প্রশাসনের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। এসময় ট্রলারে থাকা কয়েক জন পালিয়ে গেলেও মাঝি ছত্তারকে আটক করা হয়েছে। স্থানীয় বিভিন্ন সূত্র ও বাবুগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে ঐ ট্রলারটি স্থানীয়রা আটক করে উপজেলা প্রশাসন ও থানা পুলিশে খবর দেয়। মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে নদী পথে পটুয়াখালীতে ঐ চাল পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে আটক ট্রলার চালক আব্দুস ছত্তার প্রশাসনকে জানিয়েছেন। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের সহযোগিতায় ট্রলারসহ চাল আটক করা এবং ট্রলারের মাঝি ছত্তারসহ অভিযুক্তদের আসামি করে তদন্ত সাপেক্ষে মামলা দায়ের করা হচ্ছে। বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, আটক ট্রলারের মাঝির তথ্য অনুযায়ী তদন্ত সাপেক্ষে মামলার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
