বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩ মে বিকাল ৩টা পর্যন্ত আবেদন করা যাবে। বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুয়েটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয় গত ১৫ এপ্রিল সকাল ১০টায়। আর শেষ হওয়ার কথা ছিল গতকাল শনিবার বিকাল ৩টায়। তবে সারা দেশে লকডাউনের কারণে আবার আবেদনপত্র জমার সময়সীমা বাড়ানো হয়েছে। আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার শেষ সময় ৩ মে বিকাল ৩টা পর্যন্ত।
এবার দুই ধাপে নেবে বুয়েটের ভর্তি পরীক্ষা। এর মধ্যে প্রাক-নির্বাচনি পরীক্ষা (প্রাথমিক বাছাই) নেওয়া হবে আগামী ৩১ মে ও ১ জুন। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
