ক্যান্ডিতে বোলারদের দুর্দিনের ছবিকে পোস্টার বানিয়ে ড্রয়ের পথে হাঁটছে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। টানা চার দিনই বোলারদের প্রতি বিমাতাসুলভ আচরণ ধরে রাখল পাল্লেকেলে স্টেডিয়ামের ২২ গজ। সুযোগ কাজে লাগিয়ে দুই দলের ব্যাটসম্যানরাই রান উত্সব করেছেন। গতকাল ম্যাচের চতুর্থ দিনেও তাই দুই দলের প্রথম ইনিংস শেষ হয়নি। আজ পঞ্চম ও শেষ দিনে অতিনাটকীয় কিছু না ঘটলে ম্যাচটার ভাগ্যে ম্যাড়ম্যাড়ে ড্র লেখা হয়ে গেছে, বলাই যায়।
বাংলাদেশের ৫৪১ রানের জবাবে গতকাল চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৫১২ রান। আলোর স্বল্পতার কারণে প্রায় আধঘণ্টা আগেই খেলা বন্ধ হয়ে যায়। এখনো ২৯ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।
গতকাল দিমুথ করুনারত্নে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি, ধনঞ্জয়া ডি সিলভার সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। দুজনই ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন। তাদের ব্যাটিং দৃঢ়তার কারণেই উইকেটশূন্য দিন কাটিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে চতুর্থ বার এমন অভিজ্ঞতার মুখে পড়ল বাংলাদেশ। করুনারত্নে ২৩৪ ও ধনাঞ্জয়া ১৫৪ রানে অপরাজিত আছেন। ৪১৯ বলে ২৫টি চার মেরেছেন করুনারত্নে, ২৭৮ বল খেলে ২০টি চার মারেন ধনঞ্জয়া।
গতকাল বাংলাদেশের ক্লান্তিকর দিন কেটেছে। দিনভর ৭৬ ওভার বোলিং করে তাসকিন-মিরাজরা ২৮৩ রান দিয়েছেন। কিন্তু উইকেটের দেখা পাননি। ব্যাটিং-বান্ধব উইকেটে নানাভাবে চেষ্টা চালিয়েও সফল হননি তারা। সব চেষ্টাই বিফলে গেছে দুই লঙ্কানের অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে।
টানা তিন সেশন তাইজুলদের হতাশা উপহার দিয়ে ব্যাটিং করে গেছেন করুনারত্নে-ধনাঞ্জয়া। চতুর্থ উইকেটে ৩২২ রানের জুটি গড়েছেন তারা। যা টেস্টে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি।
