হেফাজতে ইসলামকে উগ্র জঙ্গিগোষ্ঠী আখ্যায়িত করে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। গতকাল শনিবার সংগঠনের ৫৫১ জন আলেম এক বিবৃতিতে এই দাবি জানান।
সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা কাজী মুঈনুদ্দিন আশরাফি ও মহাসচিব সৈয়দ মছিহুদ্দৌলাহ এক বিবৃতিতে বলেন, এ ভাবে ইসলামের নামে সামাজিক অনাচারে যুক্ত হওয়া, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা এবং জানমালের ক্ষতি সাধন করা ইসলাম সমর্থন করে না। এধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা সংগঠনের কাছে দেশ মিল্লাত মাজহাব কখনো নিরাপদ নয়। হেফাজতের জন্মের পর থেকে সহিংসতা ছড়িয়ে দিচ্ছে। কখনো ইসলামের প্রচারক আল্লাহর অলীদের মাজার খানকাহ গুঁড়িয়ে দেওয়ার হুমকি, কখনো সুফিবাদি জনতাকে প্রকাশ্যে হামলার হুমকি দিয়ে তারা এদেশে উগ্র জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চায়। এই কারণে হেফাজতকে নিষিদ্ধ করার সরকারের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি কওমি শিক্ষাপ্রতিষ্ঠান বোর্ডগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।
বিবৃতি দাতাদের মধ্যে রয়েছে মুফতি সৈয়দ অছিয়র রহমান, মাওলানা সোলায়মান আনচারী, মুফতি আবদুল বারি জেহাদী, এম এ মান্নান, অধ্যক্ষ নুরুল আলম হেজাজী, মুফতি কাজি আবদুল ওয়াজেদ, এম এ মতিন, অধ্যক্ষ মুফতি কাজী হারুন অর রশিদ, মাওলানা আশরাফুজ্জামান কাদেরী, অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, অধ্যক্ষ মুখতার আহমদ, ড. আফজাল হোসাইন, অধ্যক্ষ আবদুল আলীম রেজভী, অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন কাদেরী প্রমুখ।
