হেফাজতের নায়েবে আমির গ্রেফতার

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০০:২৯

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির, ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহাবুব আলম বলেন, অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে ২০১৩ সালের শাপলা চত্বরে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনার মামলা ও সম্প্রতি মোদিবিরোধী সহিংসতার মামলায় গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, অধ্যাপক আহমদ আবদুল কাদের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ১৯৮২ সালে ছাত্র শিবিরকে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন হিসেবে ঘোষণা দেওয়া হলে তিনি শিবির থেকে পদত্যাগ করেন। এরপর ১৯৮৩ সালে তিনি ইসলামি যুব শিবির প্রতিষ্ঠা করেন।