সিরাজদিখানের হেফাজতের দুই নেতা বরিশাল ও বাগেরহাট থেকে গ্রেফতার

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০০:৩০

হেফাজতে ইসলামের নায়েবে আমীর আঃ হামিদ পীর সাহেব (মধুপুর) এর দুই পুত্র  মুন্সীগঞ্জের সিরাজদিখানের হেফাজত নেতা মোহাম্মদ আতাউল্লাহ (৩৪) ও মোহাম্মদ উল্লাহ (২১)-কে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মোহাম্মদ আতাউল্লাহকে বরিশাল এবং মোহাম্মদ উল্লাহকে বাগেরহাট জেলা থেকে গ্রেফতার করা হয় ।

এ তথ্য নিশ্চিত করে সিরাজদিখান থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বাড়িতে গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের দিন হেফাজত ইসলামের ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সিরাজদিখান থানার সাবেক ওসি এস এম জালাল উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার জেরে সেখানে তাণ্ডব চালানোর মামলায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ১০ মামলার আসামি।