ভারত সংলগ্ন সব স্থলবন্দর বন্ধের দাবি বিএনপির

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০০:৩১

করোনার সংক্রমণ প্রতিরোধে ভারতের সঙ্গে দেশের সবগুলো স্থলবন্দর বন্ধের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল শনিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দলটি।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনার ভয়ংকর প্রকোপে বিপর্যস্ত সেবা পরিস্থিতি। ইতিমধ্যে ভারত বিশ্বে সংক্রমণের হারে সবার ঊর্ধ্বে। দেশটিতে সংক্রমণ ও এর পরিস্থিতি মারাত্মক। আমি ভারতের এই বিষয়টি এ কারণে উল্লেখ করছি যে, ভারতের সঙ্গে আমাদের এখনো প্রচুর পরিমাণ ব্যাবসায়িক সম্পর্ক এবং স্থলপথে আমাদের নাগরিকদের যাতায়াত আছে। বিশেষ করে মেডিক্যাল ভিসা বা অন্য কারণে।

বিএনপি মহাসচিব আরো বলেন, পশ্চিম বাংলায় সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে। এজন্য আমরা মনে করছি স্থলপথে যে সীমান্তগুলো আছে এই সীমান্তগুলো একেবারে বন্ধ করা দরকার। তিনি বলেন, ইতিমধ্যে বলা হয়েছে বাইরে থেকে যারা বিমানে করে আসবেন তাদের মাত্র তিন দিন কোয়ারেন্টাইন করতে হবে, এটা আমি বিশ্বের কোথাও শুনিনি। এ সমস্ত সিদ্ধান্ত আজকে আমাদের পরিস্থিতিকে ভয়ংকর করে তুলছে।