রফিকুল ইসলাম মাদানী ফের কাশিমপুর কারাগারে

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০০:৩১

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষে বিতর্কিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে আবারও কামিশপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ ফেরত পাঠোনো হয়েছে। শনিবার দুপুরে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ পৌঁছে দিয়েছে বাসন থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির বাসন থানার ওসি মো. কামরুল ফারুক। 

ওসি আরো জানান, ২১ এপ্রিল ভার্চুয়াল শুনানির মাধ্যমে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ নাজমুন্নাহার রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে বৃহস্পতিবার আদালতের নির্দেশনা অনুযায়ী বাসন থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়। রিমান্ড শেষ হওয়ায় শনিবার মাদানীকে আদালত হাজির করা হলে আদালত তাকে করাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম অনেক তথ্য দিয়েছেন, এখন আমরা এসব তথ্য যাচাই করে দেখব। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত ১১ এপ্রিল ‘শিশু বক্তা’ রফিকুল ইসলামের বিরুদ্ধে মহানগরীর বাসন থানার স্থানীয় টেকনগরপাড়া এলাকার বাসিন্দা যুবলীগ কর্মী মোস্তাফিজুর রহমান বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। এ মামলায় ১৮ এপ্রিল পুলিশ আদালতে রফিকুল ইসলামের সাত দিনের রিমান্ড আবেদন করে।