অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে গতকাল শনিবার মালদার বৈষ্ণব নগরে ছিল উপছে পড়া ভিড়। ফলে লঙ্ঘন হল ভারতের নির্বাচন কমিশনের করোনা নিষেধাজ্ঞা। এই কারণে স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে স্থানীয় প্রশাসন। বিষয়টি নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি।
করোনা সংক্রমণ বাড়তে থাকায় সভায় জমায়েতের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ জনের সীমা ধার্য করেছে ভারতের নির্বাচন কমিশন। কিন্তু মালদার বৈষ্ণব নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বাধীন সরকারের সমর্থনে মিঠুনের প্রচার কর্মসূচির কথা জানাজানি হতেই চলে আসে হাজার হাজার মানুষ। বিজেপির মালদা জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, ‘আমরা এ দিনের জনসভায় ৪০০ জন কর্মকর্তার উপস্থিত থাকার ব্যবস্থা করেছিলাম। কিন্তু জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে সাধারণ মানুষ ভিড় করেছিল। সেটা সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল। পুলিশের বিষয়টি দেখা উচিত ছিল। বিজেপি করোনা বিধি লঙ্ঘন করেনি।’
মিঠুন এদিন দুপুরে কলকাতা থেকে হেলিকপ্টারে করে বৈষ্ণব নগরে এসেছিলেন। ঐ জমায়েতে অধিকাংশ মানুষই ছিলেন মাস্কবিহীন। মিঠুনকে দেখতে তারা হুড়োহুড়ি করে বাঁশের ব্যারিকেড অতিক্রম করে।
